মৌলভীবাজারের শ্রীমঙ্গলের আলোচিত মা ও মেয়ে খুনের ঘটনার প্রধান আসামি আজগর আলীকে গ্রেফতার করেছে শ্রীমঙ্গল থানা পুলিশ।
বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মো. আব্দুছ ছালেক।
শুক্রবার শ্রীমঙ্গল উপজেলার আশিদ্রোন ইউনিয়নের জামসী এলাকায় একই ঘরে মা ও মেয়ের মৃতদেহ উদ্ধার করে পুলিশ। নিহতরা হলেন মা জায়েদা বেগম (৫৫) ও মেয়ে ইয়াসমিন আক্তার (২৫)।
শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মো. আব্দুছ ছালেক জানান, খুনের ঘটনার পরদিন শনিবার রাতে আসামির নিজ এলাকা সিন্দুরখান ইউনিয়নের তালতলা গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আজগর আলী (৩০) খুন হওয়া ইয়াসমিন আক্তারের স্বামী।
রোববার মৌলভীবাজার বিজ্ঞ আদালতে আজগর আলী ১৬৪ ধারায় খুনের বর্ণনা দিয়ে আদালতে স্বীকারোক্তি দেয়। স্বীকারোক্তিতে সে বলে পূর্ব আক্রোশের জেরে বৃহস্পতিবার রাতে ঘরের পিছনে বেড়া ভেঙে ভিতরে ঢুকে মা ও মেয়েকে লোহার ছোট পাইপ দিয়ে প্রথমে শ্বাশুড়ি জায়েদা বেগম ও পরে স্ত্রী ইয়াসমিন আক্তারকে খুন করে।